ফুলপুরে ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করলেন শিক্ষক
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুয়েল মিয়াকে (১১) গত বৃহস্পতিবার পিটিয়ে অজ্ঞান করলেন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক। গতকাল শুক্রবার জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রাসার ছাত্ররা জানায়, বৃহস্পতিবার বিকেলে তারা মাদ্রাসার কক্ষে বসে পড়ছিল। এ সময় মাদ্রাসার অপর কক্ষে বসা সহকারী শিক্ষক সাহাব উদ্দিন তাদের তাঁর কাছে গিয়ে পড়া শোনাতে বলেন। তাদের পড়া দিতে একটু দেরি হওয়ায় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুল হক প্রায় ২০ জন ছাত্রকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন। বেত্রাঘাতে জুয়েল অজ্ঞান হয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল সকালে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষক সাহাব উদ্দিন জানান, ওই ছাত্রদের তাঁর কাছে গিয়ে পড়া দিতে বললেও তারা আসেনি। এতে রাগান্বিত হয়ে তাদের মারধর করা হয়।প্রধান শিক্ষক আবদুল হক জানান, সামান্য বেত্রাঘাত করায় জুয়েল এভাবে অসুস্থ হয়ে পড়বে, তা তিনি বুঝতে পারেননি।জুয়েলের বাবা মেজবাহ উদ্দিন জানান, শিক্ষকেরা বেত্রাঘাত করায় জুয়েল অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।