ফুলপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট শুনই গ্রামে গতকাল বুধবার জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকার অনেকে জানান, ছোট শুনই গ্রামের মকবুল হোসেন ও আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল বেলা ১১টার দিকে মকবুল ও তাঁর লোকজন জমি দখল করতে গেলে আবুল হোসেনের সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় মকবুল নিহত হন। সংঘর্ষে মকবুলের স্ত্রী সুফিয়া খাতুন, ছেলে মমিন মিয়া ও তাঁর ভাগনে আবদুল হামিদ এবং আবুল হোসেন, তাঁর স্ত্রী লাইলী, ছেলে রিয়াজ উদ্দিন ও মইজ উদ্দিন আহত হন।
আহত মমিন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মীর আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।