ফুলপুরে জুয়া-চুরি বাড়ায় অসন্তোষ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও পুলিশের সক্রিয় তৎপরতার অভাবে উপজেলার ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এখনো অবাধে চলছে জুয়া, চুরিসহ নানা অনৈতিক কার্যকলাপ। বিশেষ করে রামপুর ইউনিয়নে প্রতিদিনই লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় এ নিয়ে আলোচনা হলেও কার্যত কোনো ফল হয়নি।গতকাল রোববার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এসব কথা উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি বলে অভিমত ব্যক্ত করেন। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া খাতুনের সভাপতিত্বে সভায় রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার সিংহ জানান, তাঁর ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে ৫০-৬০টি মোটরসাইকেলে জুয়াড়িরা এসে লাখ লাখ টাকার জুয়া খেলছে। পুলিশের সক্রিয় তৎপরতা না থাকায় জুয়া বন্ধ হচ্ছে না। ঢাকুয়া ইউপির চেয়ারম্যান আ. হামিদ তালুকদার জানান, কয়েক দিন আগে তাঁর ইউনিয়ন থেকে পিকআপে করে আটটি গরু নিয়ে যায় চোরেরা। এ ছাড়া তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চার-পাঁচটি কম্পিউটার নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে চুরি হওয়ার কথা নয়। ফুলপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হেকিম জানান, তিন দিন আগেও মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। সভায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সম্প্রতি চুরি ও জুয়া বেড়ে গেছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া বন্ধের ব্যাপারে তিনি সবার সহযোগিতা চান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া খাতুন আইনশৃঙ্খলার উন্নয়নে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির সভা করার জোর তাগিদ দেন।