ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাকের চাপায় গতকাল সোমবার মাসুমা আরেফিন নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে।
স্কুলছাত্রী মাসুমা আরেফিন (১১) ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকার মোজাম্মেল হকের মেয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় নিহত হওয়া ব্যক্তির নাম রাজীব (২০)। তাঁর বাড়ি জেলা শহরের ঘাটুরা এলাকায়। মৌলভীবাজারের কুলাউড়ায় নিহত হয়েছেন ওই উপজেলার মনরাজ গ্রামের মো. মাহমুদ আলী (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গতকাল দুপুরে গ্রামাউস মডেল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাসুমা বিদ্যালয় ছুটির পর বাবার মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি গুপ্তেরগাঁও যাচ্ছিল। মোটরসাইকেলটি পৌর শহরের শহীদ মিনার সড়কে এলে হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুমা মারা যায় ও তার বাবা মোজাম্মেল হক গুরুতর আহত হন। তিনি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মাসুমার লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলা শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন এলাকায় গতকাল বেলা দুইটার দিকে সিলেটগামী একটি ট্রাক্টরের সঙ্গে কুমিল্লাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক রাজীব নিহত ও চারজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, ট্রাকটি আটক করা হয়েছে।
মৌলভীবাজার: গতকাল দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কুলাউড়া পৌর এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মাহমুদ আলী নিহত হন। তিনি ওই সময় বরযাত্রীদের গাড়ির বহরের সঙ্গে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে অন্য একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে সরাসরি ধাক্কা খান। এতে গুরুতর আহত হলে তাঁকে তাৎক্ষণিকভাবে কুলাউড়া উপজেলার মুসলিম এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।