ফুলপুরে ডিজেলের ভর্তুকির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ
ময়মনসিংহের ফুলপুরে কৃষকদের ডিজেলের ভর্তুকি দেওয়ার জন্য তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের বঞ্চিত করে যাঁরা ডিজেল ব্যবহার করে জমি চাষ করেননি, তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বঞ্চিত কৃষকদের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগে বলা হয়, উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামের কৃষক শফিকুল ইসলাম (৩১), আবুল কাশেম সরকার (২৫), মোকছেদ আলীসহ (৫৫) অনেক কৃষককে ডিজেলের ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ তাঁরা ডিজেল ব্যবহার করে জমি চাষ করেছেন।ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিজেলে ভর্তুকি প্রদান কমিটির সভাপতি রোকেয়া খাতুন বলেন, ‘অনিয়মের ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ‘ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাকে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’