ফুলপুরে তরুণকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা থানায় দুই পরিবারের বিরোধের জের ধরে রাসেল (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা এবং এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। রাসেল ঢাকুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। গ্রামের প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত রোববার রাসেলের এক আত্মীয়ের খেতে প্রতিবেশী জনব আলীর কয়েকটি ছাগল আসে। এ নিয়ে ওই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষ থামাতে রাসেল এগিয়ে গেলে ছাগলের মালিকের ছেলে জুয়েল (২৩) ও তাঁর পক্ষের লোকজন তাঁকে পিটিয়ে এবং তাঁর আত্মীয় এক নারীকে কুপিয়ে আহত করেন। তাঁদের প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রাসেলকে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল গতকাল বৃহস্পতিবার সকালে মারা যান। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, এ খবর পেয়ে এলাকাবাসী গতকাল হামলাকারী জনব আলীর একটি ঘর ভেঙে দেন। এ ঘটনার বিচারের দাবিতে তাঁরা ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ তুলে নেন। রাসেলের আত্মীয় এক কিশোরীকে উত্ত্যক্ত করায় ২০১১ সালের জুলাই মাসে জুয়েলের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে ফুলপুর থানায় মামলা করা হয়। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।