ফুলপুরে দুই কেন্দ্রে সংঘর্ষ, গ্রেপ্তার চার
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার দুটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণার পর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট বাক্সসহ নির্বাচনের আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে ফুলপুর সদরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ চার-পাঁচজন লোক ফলাফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পুলিশের দায়িত্বরত সদস্যরা বাধা দিলে ওই ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। ওই রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতককাল বুধবার বিকেলে প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম মুসলেম উদ্দিন বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন।এদিকে ভাইটকান্দি ইউনিয়নের জারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফলের তালিকায় স্বাক্ষর না করা নিয়ে সদস্য পদপ্রার্থী মোবারক হোসেন, আবুল কাশেম, আবদুল হক, আবদুল হাই সুলতান মাহমুদ ও নিজামুদ্দিনের সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমানের কথা-কাটাকাটি হয়। পরে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পরপরই ওই সদস্য পদপ্রার্থীদের সমর্থকেরা স্বাক্ষর না দিলে লুৎফর রহমানকে যেতে দেবেন না বলে জানায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ঘটনার পর ফুলপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে মামলা করেছেন।গতকাল সন্ধ্যায় ফুলপুর থানার ওসি এস আলম বলেন, তিলাটিয়া মাদ্রাসা কেন্দ্রের ওই ঘটনায় তোফাজ্জল হোসেন, হুমায়ুন, সুরুজ মিয়া ও ইব্রাহীম নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ঘটনায় দায়ের করা মামলার আসামি সদস্য পদপ্রার্থীরা পলাতক রয়েছেন।