ফুলপুরে দোকানে চুরি, আটক ৩
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারের একটি কীটনাশকের দোকানে গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। চোরেরা প্রায় ২৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকানের মালিক দাবি করেছেন। এ ঘটনায় পুলিশ তিন নৈশপ্রহরীকে আটক করেছে। মেসার্স বারি স্টোর নামের ওই দোকানের মালিক এবং সিনজেন্টা কোম্পানির পরিবেশক মো. শহিদুল্লাহ (৪৫) জানান, বৃহস্পতিবার রাতে তিনি দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যান। গতকাল সকালে এসে তালা ভাঙা দেখতে পান। পরে দেখেন, দোকানে রাখা ওই কোম্পানির প্রায় ২৮ লাখ টাকার মালামাল ও ক্যাশবাক্স থেকে পাঁচ হাজার টাকা খোয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী আনারুল হক (৩০), মকবুল হোসেন (৬০) ও আসমত আলীকে (৪৫) আটক করে নিয়ে যায়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারে জোর চেষ্টা চলছে। এত টাকার মালামাল কোনো ট্রাক বা অন্য কোনো পরিবহনে করে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে।