ফুলপুরে নিম্নমানের ভিজিডির চাল বিতরণের চেষ্টা
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নে গত মঙ্গলবার নিম্নমানের ভিজিডির চাল বিতরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসব চাল ছিল ফাঁপা, নুড়ি ও খুদে ভরা। পরে প্রতিবাদের মুখে চালগুলো ফেরত নেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফুলপুর ইউনিয়নের ১০৪ জন গরিব নারীর মধ্যে বিতরণের জন্য ভিজিডির তিন হাজার ১২০ কেজি চাল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আনা হয়। পরে বস্তা খুলে দেখা যায় চালগুলো নিম্নমানের। এ সময় সমবেত গরিব নারীরা ওই চাল ফেরত নেওয়ার ও ভালো মানের চাল বিতরণের দাবি জানান।ফুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, ৩৬ বস্তা চালের মধ্যে ২১ বস্তা চাল নিম্নমানের ছিল। তাত্ক্ষণিকভাবে বিষয়টি গুদাম কর্মকর্তাদের জানানো হয়। পরে ওই চাল ফেরত পাঠিয়ে ভালো মানের চাল এনে বিতরণ করা হয়। উপজেলা গুদাম কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, চার-পাঁচ বস্তা চাল খারাপ ছিল, সেগুলো পরে বদলানো হয়েছে।