ফুলপুরে বোমাসদৃশ বস্তু নিয়ে আতঙ্ক
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স স্থলে একটি বোমাসদৃশ কৌটা পাওয়া যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনার চত্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপজেলাবাসীর ভিডিও কনফারেন্স হয়। এ সময় স্থানীয় সাংসদ ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। বেলা দেড়টার দিকে ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পর একটি চেয়ারের নিচে পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি খোলার পর তাতে বোমাসদৃশ একটি কৌটা পাওয়া যায়। এ সময় মাইকে বোমাসদৃশ বস্তু পাওয়ার কথা ঘোষণা করে উপস্থিত সবাইকে সতর্ক করার চেষ্টা করা হলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কৌটাটি বোমা সন্দেহ করে নিষ্ক্রিয় করার জন্য পানি দিতে থাকেন। পরে পুলিশ জানায়, সেটি পরিত্যক্ত রঙের কৌটা।