ফুলপুরে ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ব্যবসায়ী আবদুল কুদ্দুছ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফুলপুর উপজেলার হরিয়াঘাই বাজারে গত শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে নিহত ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক আবদুছ সামাদ আজাদ, রফিকুল ইসলাম, আবদুল আজিজ সরকার, হুমায়ুন কবির, আমজাদ হোসেন প্রমুখ। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস খোন্দকার বলেন, পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে এবং আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছে। ৯ জুন ফুটবল খেলা নিয়ে শিশুদের ঝগড়া থামাতে গেলে বাদ্রাকান্দা গ্রামের আবদুল কুদ্দুছকে প্রতিবেশী মকবুল (৬০), লোকমান (৩৫), বিল্লালসহ (৩০) কয়েকজন লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটায়। তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে ১১ জুন তিনি মারা যান। ১৩ জুন তারাকান্দা থানায় নিহত আবদুল কুদ্দুছের ছোট ভাই তারা মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।