ফুলপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় স্কুলছাত্রী সাজেদা আক্তার হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাঁদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে ফুলপুর-বালিয়া সড়কের বালিয়া এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
পূর্ব বালিয়া গ্রামে বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীর হাতে খুন হয় সাজেদা আক্তার। সে পূর্ব বালিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। সাজেদা বালিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার হত্যার বিচারের দাবিতে গতকাল এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে তার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাজেদা নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। এ ঘটনা মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ভাড়াটে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
সাজেদা হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বালিয়া গ্রামে আবুল কাশেমের সঙ্গে তাঁর ভাগনে জামাল উদ্দিনের বিরোধ ছিল। বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুপুরে জামাল উদ্দিনের ভাড়াটে সন্ত্রাসীরা আবুল কাশেমের ওপর হামলা চালায়। ওই সময় বাবাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে থাকা রামদার কোপে নিহত হয় সাজেদা আক্তার। এ ঘটনায় বুধবার আবুল কাশেম বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন।
ফুলপুর থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, এজাহারভুক্ত দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।