ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আরও এক স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও এক স্কুলছাত্রের প্রাণ গেল। গতকাল বৃহস্পতিবার উপজেলার ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে বাসের ধাক্কায় আমিনুল ইসলাম (৮) নামের ওই স্কুলছাত্র নিহত হয়। সে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। বাড়ি ইমাদপুর গ্রামে। এ নিয়ে গত তিন বছরে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত চার স্কুলছাত্র নিহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমিনুল গতকাল স্কুল ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। একপর্যায়ে হালুয়াঘাটগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় ইমাম পরিবহনের একটি বাসের ধাক্কায় আমিনুল মাথায় প্রচণ্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এলাকাবাসী সূত্র জানায়, গত জানুয়ারিতেও ওই স্কুলের কাছে একই সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আজিজুল ইসলাম (৯) ঘটনাস্থলেই নিহত হয়। গত বছর একই সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে ওই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রবিন মিয়া (১০) নিহত হয়। এর আগের বছর একই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাদ্দাম হোসেনও সড়ক দুর্ঘটনায় নিহত হয় ।ওই স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, স্কুলের সামনের রাস্তায় গতিরোধক না থাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আমার ছাত্ররা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, অনভিজ্ঞ চালকেরা ওই সড়কে বেপরোয়া গতিতে ট্রাক-বাস চালায়। স্কুলের কাছে গতিরোধকের দাবি জানিয়ে এলেও এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে একের পর এক স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিলেও চালকেরা শাস্তি পায় না। তাই এ ধরনের দুর্ঘটনা বেড়েই চলছে। সেই সঙ্গে এলাকাবাসী তাদের সন্তান হারানোর আশঙ্কায় আতঙ্কিত। সড়ক দুর্ঘটনায় আমিনুলের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।