ফুলপুরে হাইস্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি আটক, জরিমানা
অবৈধভাবে শিক্ষক নিয়োগের সময় গত মঙ্গলবার ময়মনসিংহ ফুলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাঁদের দুজনকে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বিদ্যালয় থেকে জানা যায়, ফুলপুর সদরে অবস্থিত ফুলপুর পাইলট উচ্চবিদ্যালয়ে গত মঙ্গলবার প্রতি (ভাষা শিক্ষা, কম্পিউটার প্রদর্শক, গণিত ও বিজ্ঞান) বিষয়ে একজন করে মোট চারজন শিক্ষক নেওয়ার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাঁদের মধ্যে ভাষা শিক্ষা বিষয়ে বিউটি ফারজানা, আবদুস সালাম, আজিম উদ্দিন, রাবেয়া বেগম ও সাইদুল হক তালুকদার আবেদন করেন। কিন্তু পরীক্ষা দিতে আসেন বিউটি ফারজানা ও আবদুস সালাম। কিন্তু দুজন প্রার্থী দিয়ে পরীক্ষা নেওয়া বিধিসমঞ্চত নয়। এ কারণে ওই স্কুলের প্রধান শিক্ষক আক্রাম হোসেন ও সভাপতি মোফাজ্জল হোসেন অনুপস্থিত আবেদনকারী সাইদুল হক তালুকদারের নামে ভুয়া একজন প্রার্থী দেখিয়ে পরীক্ষা শুরু করেন। খবর পেয়ে ইউএনও এ এস এম ফেরদৌস ওই বিদ্যালয়ে পৌঁছলে ভুয়া পরীক্ষার্থী চলে যান।
পরে অবৈধভাবে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার অভিযোগে প্রধান শিক্ষক ও সভাপতিকে আটক করে থানায় নেওয়া হয়। একপর্যায়ে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই জরিমানা করেন ইউএনও। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম উপস্থিত ছিলেন।
আক্রাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভাষা শিক্ষা বিষয়ে পাঁচজন আবেদন করেছিলেন। কিন্তু উপস্থিত হয়েছিলেন দুজন। দুজন দিয়ে পরীক্ষা নেওয়ার নিয়ম নেই। পরে সাইদুল হকের নামে একজন পরীক্ষা দিতে শুরু করেন এবং সেটা আমি জানি না। কিন্তু ওই ভুয়া পরীক্ষার্থী থাকার অভিযোগে আমাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত আমাকে নয় হাজার টাকা ও সভাপতিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।’ ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।