ফুলপুরের চার গ্রাম ১২ দিন বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার চারটি গ্রামে ১২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে স্থানীয় লোকজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোদালধর বাজার থেকে ২ মে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ কারণে উপজেলার কোদালধর, বকশীমূল, রামচন্দ্রপুর ও পিঠাসুতা গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সব গ্রামের বাসিন্দাদের। ব্যাহত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম ও বিদ্যালয়ে পাঠদান।কোদালধর বাজারের ব্যবসায়ী এমদাদুল হক বলেন, বিদ্যুৎ না থাকায় তিনি ফ্রিজ ব্যবহার করতে পারছেন না।কোদালধর গ্রামের আবদুল মান্নান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমার করাত কলটি ১১ দিন ধরে বন্ধ আছে। তা ছাড়া ছেলেমেয়েদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যে কী করে বুঝি না।’ফুলপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নতুন ট্রান্সফরমার আনতে বেশ কিছু দিন লাগবে। কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফরমার এনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।