ফুলপুরের ৩৮ বিদ্যালয়ে খাবার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩৮টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার পানির ব্যবস্থা নেই। এতে বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জানায়, তাদের আশপাশের বাড়িঘরে গিয়ে পানি পান করতে হয়।সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকেরা বলেন, বিদ্যালয়গুলোতে নলকূপ ছিল। কিন্তু নলকূপের যন্ত্রাংশ চুরি, মেরামতের অভাব ও শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়াসহ নানা কারণে এ সংকট দেখা দিয়েছে।ফুলপুর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২৩৯টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে এই ৩৮টি বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড গরমে খুদে শিক্ষার্থীরা পানির তৃষ্ণায় দুর্ভোগ পোহাচ্ছে। ভেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, সমস্যার বিষয়টি উপজেলা শিক্ষা কার্যালয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফা হাকিম বলেন, ওই ৩৮টি বিদ্যালয়ের নলকূপের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।