চট্টগ্রামের কাতালগঞ্জ হিজরা খালের পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি জায়গার ইজারার মেয়াদ শেষ হওয়ার দুই বছর পরও জায়গাটির দখল বুঝিয়ে দিচ্ছেন না ইজারাদারেরা। গতকাল রোববার সিটি করপোরেশনের লোকজন জায়গাটির দখল নিতে গিয়ে ইজারাদারদের তাড়া খেয়ে ফিরে এসেছেন। ফুলের বাগান করার শর্তে জমিটি ইজারা দেওয়া হলেও সেখানে এখন গ্যারেজ ও দোকান তুলে তা ভাড়া দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, দখলদারেরা সবাই ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক কর্মী এবং ক্যাডার। শিবিরের রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলেও তাঁরা কোনো দায়িত্বে নেই। তাঁদের মধ্যে এরশাদ উল্লাহ নামের একজন ছাত্রশিবিরের ক্যাডার নাছিরের সহযোগী। সিটি করপোরেশনের ভূমি কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই দিনের ছুটিতে আছেন। ফলে আমরা দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। ম্যাজিস্ট্রেট ছুটি থেকে ফিরলেই ওই জায়গায় আমরা অভিযান চালাব।’ জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে কাতালগঞ্জ হিজরা খালের পাড়ে অবস্থিত সিটি করপোরেশনের জায়গাটি ইজারা নেন মুক্তাদির আল ফারুক ওরফে সাগর, তাঁর বন্ধু টিটু ও রিদোয়ান। শর্ত ছিল, সেখানে ফুলবাগান করতে হবে। কিন্তু তা না করে শুরুতেই তাঁরা কাবাবের দোকান খুলে বসেন। এরপর ইজারার মেয়াদ শেষ হলে সিটি করপোরেশনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। তাতে অভিযোগ করেন, এক বছরেও তাঁরা জায়গা বুঝে পাননি। মামলার কারণে সিটি করপোরেশন গত দুই বছরে ওই জায়গা আর কাউকে ইজারা দিতে পারেনি। আর এ সময়ে সাগর সেখানে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে ভাড়া দেন। একটি অংশে গ্যারেজ তৈরি করেন সাগরের আত্মীয় এরশাদ উল্লাহ। এ জায়গাটি এরশাদ উল্লাহ এক লাখ টাকা অগ্রিম নিয়ে মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া দিয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গত শনিবার রাত থেকে অবশিষ্ট অংশে তিনটি দোকান ও একটি গ্যারেজ তৈরির কাজ শুরু করেন সাগর ও তাঁর দুই সহযোগী। খবর পেয়ে গতকাল সকালে সিটি করপোরেশনের লোকজন অবৈধ অবকাঠামো ভেঙে ফেলার জন্য ঘটনাস্থলে যান। তাঁরা সঙ্গে পাঁচলাইশ থানা থেকে পুলিশও নিয়ে যান। কিন্তু সাগর ও তাঁর সহযোগীদের বাধার কারণে তাঁরা ওই অবকাঠামো ভাঙতে পারেননি। এ সময় পুলিশও নীরবে দাঁড়িয়ে ছিল। এ প্রসঙ্গে মুক্তাদির আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন বছর আগে জায়গাটি ইজারা নিলেও পুরো জায়গা দখল নিতে পারিনি। এরশাদ উল্লাহ কিছু অংশের দখল রেখে দেন। এক বছর পর আমরা পুরো জায়গা বুঝে নেওয়ার জন্য সিটি করপোরেশনের বিরুদ্ধেই মামলা করি। সেটি এখনো বিচারাধীন আছে।’ ফুলের বাগান করার জন্য ইজারা নিয়ে স্থায়ী দোকান করার কারণ কী—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তিন বন্ধু মিলে এ জায়গায় ছয়-সাত লাখ টাকা খরচ করে ফেলেছি। এ জন্য সেখানে তিনটি গ্রিলের কারখানা ও একটি গ্যারেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’