ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কর্মকাণ্ড বন্ধ ও ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ করে।
সমাবেশে জাতীয় কমিটির নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়নের নামে বিদেশিদের স্বার্থ রক্ষা করেছে সরকার। জাতীয় সম্পদ ধ্বংস ও লুটেরাদের মুনাফার পাহাড় গড়তে দেবে না ফুলবাড়ীর মানুষ। তাই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিষিদ্ধ, কয়লাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও জ্বালানি সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণে আইন পাসের দাবি জানান তাঁরা। সমাবেশে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। এ ছাড়া সমাবেশে কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বজলুর রশীদ, সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সিপিবি ও বাসদের সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে ফুলবাড়ী অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন না করলে পরিণাম হবে ভয়াবহ। আজ চুক্তি বাস্তবায়ন না করে বেইমানের খাতায় নাম লেখাচ্ছে তাঁর সরকার। সমাবেশে সিপিবির নেতা রুহিন হোসেন ও বাসদের রাজেকুজ্জামান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।