ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা, এশিয়া এনার্জিকে দেশ থেকে বিদায় দেওয়া ও ছয় দফা ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে ফুলবাড়ী হত্যার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় জাতীয় কমিটি এই দাবি করে।
সভায় জাতীয় কমিটির নেতারা বলেন, ২০০৬ সালের ৩০ আগস্ট তৎকালীন চারদলীয় জোট সরকারের সঙ্গে আন্দোলনকারীদের ‘ছয় দফা ফুলবাড়ী চুক্তি’ হয়। তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ৩ সেপ্টেম্বর দিনাজপুরের ফুলবাড়ী গিয়ে প্রতিশ্রুতি দেন যে ক্ষমতায় গেলে চুক্তি বাস্তবায়ন করা হবে। অথচ ছয় বছর ক্ষমতায় থাকার পরও ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন করছে না শেখ হাসিনার সরকার।
সভায় সংগঠনের সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, দেশ যদি কমিশনভোগী ও লুটেরাদের দ্বারা পরিচালিত হয়, তাহলে সম্পদ পরিণত হয় অভিশাপে।
সভায় জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতউল্লাহ, প্রকৌশলী ম. ইনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীম উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন।
২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বিষয়ে সরকারের সঙ্গে এশিয়া এনার্জির চুক্তির বিরুদ্ধে আন্দোলনরত তিন গ্রামবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন। প্রতিবছর ওই দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ বছর ২৬ আগস্ট সকাল ১০টায় জাতীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় কমিটি।