ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি
ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ‘ষড়যন্ত্র’ বন্ধ ও এশিয়া এনার্জিকে দেশ থেকে সরানোর দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
ফুলবাড়ী দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ দাবি জানান জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা।
সমাবেশে ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, দিনাজপুরে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উৎপাদন হলে ৫০-৬০ হাজার লোক উচ্ছেদ হয়ে যেত। উৎপাদিত কয়লা বিদেশে রপ্তানি হলে লাভের মাত্র ছয় ভাগ পেত বাংলাদেশ। এত বছর আওয়ামী লীগ ক্ষমতায় অথচ উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উৎপাদন বন্ধে কোনো আইন করেনি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা বলেন, ‘দিনাজপুরে কয়লা খনি হলে সেখানকার আবাদি জমি মরুভূমি হয়ে যেত। ওই সময় দেশীয়-আন্তর্জাতিক লুটেরাদের বিরুদ্ধে প্রতিরোধ হয়েছিল। সারা দেশে এখনো জনবিরোধী অনেক পরিকল্পনাই হচ্ছে। কিন্তু ফুলবাড়ীর ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা এখনো শক্তিশালী হয়ে উঠতে পারিনি।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সংগঠক বিমল কান্তি দাস বলেন, ফুলবাড়ী আন্দোলন লড়াই সংগ্রামের একটা প্রতীক। রামপালের বিষয়ে গণভোট নিলে ৯০ ভাগ মানুষ এর বিরুদ্ধে রায় দেবে।
সমাবেশের সভাপতি ও সংগঠনের জেলা আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, আজও দেশে জাতীয় সম্পদ লুণ্ঠনের প্রক্রিয়া ও চক্রান্ত অব্যাহত রয়েছে। সব সময়েই সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা বিদেশি লুটেরা কোম্পানির সঙ্গে আঁতাত করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। তিনি বলেন, আজকে সুন্দরবন ধ্বংসের যে তৎপরতা চলছে তা ফুলবাড়ীর মতো দেশের জনগণ অবশ্যই প্রতিহত করবে। আজ সুন্দরবন ধ্বংসের রামপাল চুক্তি প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা ও সংবিধানবিরোধী চুক্তি। সুন্দরবন ধ্বংস হলে এর সঙ্গে জড়িত সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে একদিন অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু হাসান ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে ফুলবাড়ীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘ফুলবাড়ীর দশ দিন’ প্রদর্শিত হয়।
২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীসহ ছয় থানার লক্ষাধিক মানুষ এশিয়া এনার্জির উন্মুক্ত খননপদ্ধতির ফুলবাড়ী কয়লা প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। সেদিন সংঘর্ষে তিন তরুণ প্রাণ হারান। গুলিবিদ্ধ হন ২০ জন এবং আহত হন দুই শতাধিক।