ফুলবাড়ী-তেলিগাতি সড়ক চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের ফুলবাড়ী–তেলিগাতি সড়কে পাথর–পিচ উঠে গেছে আগেই, উঠছে খোয়া, অনেক স্থানে খোয়াও উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
খুলনা নগরের ফুলবাড়ী–তেলিগাতি সড়কে পাথর–পিচ উঠে গেছে আগেই, উঠছে খোয়া, অনেক স্থানে খোয়াও উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

খুলনা নগরের খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকার ফুলবাড়ি-তেলিগাতি সড়কটি চার বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা।

স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন হলেও এই সড়কটি সংস্কার করা হয়নি। এই সড়কের পাশে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষক কেন্দ্রসহ (পুরুষ ও মহিলা) বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ওই সব প্রতিষ্ঠানে আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি।

শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে আসা একটি বেসরকারি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, শুকনো থাকলে কিছুটা যাওয়া যায়। বৃষ্টি হলেই চলাচল বন্ধ হয়ে যায়। তখন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

ওই এলাকার আরও দুটি সড়ক শহীদ জিয়া কলেজ ও মহেশ্বরপাশা পুলিশ ফাঁড়ি সড়ক। এগুলোও প্রায় চার বছর ধরে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন ওই সড়কের পাশের বাসিন্দারা।

ওই এলাকার বাসিন্দা আলম রহমান বলেন, ‘কাকে বলব কেউ কথা শোনে না। তাই এখন বলা বন্ধ করে দিয়েছি। যদি কোনো দিন হয় তা হলে হবে।’

ভুক্তভোগী বাসিন্দারা জানান, পাড়া-মহল্লার সড়কগুলো দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় এবং বৃষ্টির পানি জমে তা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। তখন দুর্ভোগ পৌঁছায় চরমে। ঘর থেকে বের হয়ে মূল সড়কে আসা খুব দুষ্কর হয়ে পড়ে।

বাসিন্দাদের অভিযোগ, যখন যেই মেয়র হন তিনি কেন্দ্রভিত্তিক সড়ক উন্নয়ন করেন। আর অবহেলায় পড়ে থাকে নগরের বিভিন্ন ওয়ার্ডগুলোর ছোটবড় সড়কগুলো।

সরেজমিনে নগরের বিভিন্ন মহল্লার সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের কার্পেটিং ও পাথরের খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। ওই গর্তে সারাক্ষণ বৃষ্টির পানি জমে থাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। নগরের ফুলবাড়ী গেট এলাকার উত্তর বলিকপাড়া ও মহেশ্বরপাশা পল্লিতীর্থ স্কুল সড়ক। ওই এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পানি আর কাদাতে ভরেছে সড়কটি।

ওই সড়ক দিয়ে চলাচলকারী বেসরকারি কলেজশিক্ষক মাহমুদ হাসান বলেন, ‘কাকে বলব এই সড়ক সংস্কারের জন্য। নির্বাচন এলেই সবাই ভোটের জন্য ছুটে আসেন। ভোট শেষ আর কারও দেখা নেই। আর যাঁরা মেয়র নির্বাচিত হন তাঁরা সিটি করপোরেশনের আশপাশে উন্নয়ন করেন। এত দূরে আসবে কেন?’

আরও করুণ দশা বাগমারা মেইন সড়ক, মেটেপোল থেকে মুচিবাড়ি ও কৃষ্ণর মোড় থেকে মৌলভীর মোড় পর্যন্ত সড়ক তিনটির। একটু বৃষ্টি হলেই যানবাহন তো দূরের কথা হাঁটাই যেন কষ্টকর।

মেটেপোল এলাকার বাসিন্দা আহমেদ খান বলেন, ‘একবার এই সড়কে বের হলে আর বাড়ি ফিরতে মন চায় না। কিন্তু নিরুপায় হয়ে পাঁচটি বছর এভাবে কষ্ট করে চলেছি। খুব শিগগির কাজ হবে শুনতে শুনতে পাঁচ বছর কাটিয়ে দিলাম।’

কেসিসির প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের পাড়া-মহল্লার সড়কগুলো বেশ খারাপ। এগুলো সংস্কারের জন্য ছোট ছোট প্রকল্প কেউ দিতে চায় না। সবাই চায় বড় প্রকল্প দিতে। সে কারণে এগুলো সংস্কার হচ্ছে না। তবে আমরা কাউন্সিলরদের বরাদ্দ থেকে এগুলো সংস্কারের উদ্যোগ নেব।’