ফুলবাড়ীতে গণডাকাতি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জলপাইতলী বাজারে গত মঙ্গলবার রাতে গণডাকাতির ঘটনা ঘটেছে। জলপাইতলী সীমান্ত ফাঁড়ির (বিওপি) কাছে ওই বাজার এলাকার একটি বাড়ি ও ১২টি দোকানে এ ডাকতির ঘটনা ঘটে।
ডাকাতেরা নয় ভরি স্বর্ণালংকার, প্রায় আট লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। স্থানীয় সাংসদ, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।
এলাকার বেশ কয়েকজন জানান, হাফপ্যান্ট ও কালো মুখোশ পরা ২০-২২ জনের একদল ডাকাত লাঠিসোঁটা ও ছুরি নিয়ে রাত সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত ডাকাতি চালায়। ডাকাতেরা প্রথমে দরজা ভেঙে মৃত মোকাররম হোসেনের বাড়িতে ঢোকে। তারা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে নয় ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও কাপড়চোপড় নিয়ে যায়। এরপর ডাকাতেরা বাজারে সার-কীটনাশক, প্রসাধন, কাপড় ও মুদিসহ ১২টি দোকান থেকে অন্তত আট লাখ টাকার মালামাল নিয়ে যায়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ইমরুল কায়েস বলেন, এখনো মামলা হয়নি। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।