ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় চার শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় খড়িবোঝাই একটি ট্রাক্টর উল্টে গেলে নিচে চাপা পড়ে চারজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিহত চারজনই ওই ট্রাক্টরের শ্রমিক ছিলেন। গতকাল সোমবার সকাল সোয়া পাঁচটার দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের স্বজনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন রাসেল হক (৩৫), সাদেকুল হক (২০), সাদ্দাম হোসেন (২০) ও জাকিরুল ইসলাম। নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর ও চককরিম গ্রামে তাঁদের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজার এলাকা থেকে খড়িবোঝাই ট্রাক্টরটি ফুলবাড়ী শহরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটিতে অতিরিক্ত কাঠের টুকরা (খড়ি) বোঝাই করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টর ও খড়ির নিচে চাপা পড়েন ওই শ্রমিকেরা। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, ট্রাক্টরে অতিরিক্ত মালামাল নেওয়ার কারণে সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের আত্মীয়স্বজনেরা ঘটনাস্থল থেকেই লাশ বাড়িতে নিয়ে গেছেন।