ফুলবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় সরকারি তদন্ত শুরু
দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এ উদ্দেশ্যে গতকাল বুধবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (জিআইবিআর) আমজাদ হোসেন ফুলবাড়ী রেলস্টেশনে আসেন। পরে এখান থেকে তিনি পার্বতীপুর স্টেশনে যান।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা, দায়ীদের শনাক্ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সরকারের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে তদন্ত চালানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন আগামী চার দিনের মধ্যে জমা দেওয়া হবে।
স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেন দুর্ঘটনার পরপরই রেলের পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় মহাব্যবস্থাপক ফেরদৌস আলম চারজনকে সাময়িক বরখাস্ত করেন। এ ছাড়া তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। রেলের পাকশী ডিভিশন-২-এর তদন্ত কমিটি বরখাস্ত হওয়া চারজনের সঙ্গে পয়েন্টসম্যান ইউনুস আলীকে দায়ী করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। অন্যদিকে রেলের পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় ও জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের কাজ এখনো শেষ করতে পারেনি।
গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ২৫ যাত্রী আহত হয়। দুটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল হামিদ, একতা ট্রেনের চালক আবদুল করিম, সহকারী চালক শরিফুল ইসলাম ও পরিচালক (গার্ড) আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।