ফুলবাড়ীতে থানাহাজতে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী থানাহাজতে আনিছুর রহমান (৩৭) নামের এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ দাবি করেছে, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম পৌরসভার হাসপাতাল পাড়ায়। পুলিশের ভাষ্যমতে, তিনি একজন মাদক বিক্রেতা। তবে তাঁর পরিবার দাবি করেছে, তিনি একজন চাল ব্যবসায়ী। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তাঁর পরিবার।
ফুলবাড়ী থানা-পুলিশের ভাষ্যমতে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনন্তপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আনিছুর রহমানকে গতকাল শনিবার ভোরে কাশিপুর সীমান্ত থেকে আটক করে। বেলা সাড়ে ১১টায় ওই ফাঁড়ির কমান্ডার শফিকুল ইসলাম তাঁকে ফুলবাড়ী থানায় নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। দুপুর ১২টা ৪৫ মিনিটে থানাহাজতে কম্বল গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাৎক্ষণিকভাবে পুলিশ ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আনিছুরের স্ত্রী জুঁই বলেন, ‘আমার স্বামী ফোন পেয়ে ফুলবাড়ীতে যান। শুনেছি পাওনা টাকা আনতে যাচ্ছেন। বিকেল চারটার দিকে সংবাদ পাই তিনি মারা গেছেন। পুলিশ বা বিজিবি তাঁকে মেরেছে কি না, সে ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর স্বামী চালের ব্যবসা করতেন।’
অনন্তপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম দাবি করেন, গত শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আনিছুরকে আটক করা হয়। সুস্থ অবস্থায় তাঁকে ফুলবাড়ী থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। কাজ শেষ করে তাঁরা দুপুর সাড়ে ১২টার দিকে চলে আসেন। এরপর কী হয়েছে তা তাঁরা জানেন না।
ফুলবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইফতেখার জানান, হাসপাতালে আসার আগেই আনিছুরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদের ভাষ্যমতে, আনিছুর হাজতে কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন জানান, আনিছুরের ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।