ফুলবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধভাবে যন্ত্র বসিয়ে শাখা যমুনা নদী থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। ইজারাদারের কাছে বিশেষ সুবিধা নিয়ে প্রশাসন নীরব রয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর উপজেলার শিবনগর ইউনিয়নের ত্রিমুহনী ও বেলতলী মহাশ্মশান থেকে বালু উত্তোলনের জন্য ওয়াহেদুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীকে বালুমহালের ইজারা দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত দুটি বালুমহালের বাইরে আরও তিনটি এলাকা থেকে ইজারাদার বালু উত্তোলন করছেন। এলাকাগুলো হচ্ছে মুক্তারপুর, খয়েরবাড়ি ঘাট ও চাঁদপাড়া।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) কয়েকবার জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। ইজারাদার নদীতে যত্রতত্র যন্ত্র বসিয়ে বালু তুলছেন।
গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের চাঁদপাড়া গ্রামে শাখা যমুনা নদীর মাঝখানে যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। যন্ত্র পরিচালকারী আব্দুর রাজ্জাক বলেন, প্রায় ২০ দিন ধরে প্রতিদিন কমপক্ষে ৫০ ট্রাক বালু তোলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ মোহামঞ্চদ কামাল বলেন, বিষয়টি তাঁদের জানা ছিল না। বিষয়টি এখন গুরুত্ব দিয়ে দেখা হবে। ইউএনও বলেন, ত্রিমুহনী ও বেলতলী মহাশ্মশান ছাড়া অন্য কোনো স্থান থেকে বালু তোলার অনুমতি ইজারাদারকে দেওয়া হয়নি। যত্রতত্র বালু তোলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
ইজারাদার ওয়াহেদুল ইসলাম বলেন, নদী পানিতে ভরে গেছে। সে কারণে নির্ধারিত দুই স্থান থেকে বালু তুলে চাহিদা মেটানো যাচ্ছে না। তবে প্রশাসন নির্দেশ দিলে এখনই ওই তিনটি স্থান থেকে বালু তোলা বন্ধ করা হবে।