ফুলবাড়ীতে প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) দুটি পদই শূন্য। ফলে উপজেলার প্রশাসনিক সব কাজ, ভূমি কার্যালয়ের প্রাত্যহিক ব্যস্ততা এবং ভ্রাম্যমাণ আদালতসহ উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো সাইফুল ইসলাম বলেন, ২০১৪ সালের ৩০ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) এ বি এম রওশন কবির বদলি হওয়ায় পদটি শূন্য হয়। এরপর থেকে ইউএনও মো. মনিরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে ছিলেন। কিন্তু গত ৩০ জুলাই ইউএনও মনিরুজ্জামান পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
বর্তমানে পার্বতীপুরের ইউএনও রাহেনুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফুলবাড়ীর ইউএনওর দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি শুধু সরকারি চিঠিপত্রে স্বাক্ষর করা ছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা জমিজমা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।
ফুলবাড়ী পৌরসভার মেয়র মতুর্জা সরকার বলেন, উপজেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সরকারি পদ শূন্য থাকায় লোকজনেরর দুর্ভোগ বেড়েছে। আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। বর্তমান ভূমি আইন অনুযায়ী খারিজ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এ অবস্থায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। তা ছাড়া ইউএনও পদটি শূন্য থাকায় ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে না।
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম গত সোমবার বলেন, নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যাঁকে পোস্টিং দেওয়া হয়েছে, তিনি ৫ আগস্টের মধ্যে যোগদানের কথা। তবে কর্মকর্তা সংকটের কারণে সহকারী কমিশনার (ভূমি) পদটি পূরণ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।