ফুলবাড়ীতে বিদ্যালয়ে চট বিছিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীর চরবড়লই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চের অভাবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাটিতে বসিয়ে পাঠদান করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিক্ষকদের বসার জন্যও কোনো ভালো চেয়ার-টেবিল নেই।
ওই বিদ্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নে চরবড়লই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে এলজিইডি বিদ্যালয়ের ভবন পাকা করে। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ১৭১ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন।
গত রোববার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনে চারটি কক্ষ। তিনটিতে ক্লাস হয়। একটিতে শিক্ষকেরা বসেন। কিন্তু শ্রেণিকক্ষে কোনো বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের ছেঁড়া চট বিছিয়ে পাঠদান করা হচ্ছে। শিক্ষকদের বসার জন্য যে চেয়ার-টেবিল আছে, তাও ঘুণে ধরা ও ভেঙে গেছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী বলে, শীতের সময়েও মাটিতে বসে তাদের ক্লাস করতে হয়েছে। এতে ঠান্ডা লেগে অনেকের সর্দিকাশি ও জ্বর হয়। এ ছাড়া বন্যার সময় স্কুলে পানি ওঠায় এক মাস পাঠদান বন্ধ থাকে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি বলে, ‘আমরা প্রথম শ্রেণি থেকে এখানে মাটিতে চট বিছিয়ে পড়াশোনা করছি। শীতের দিনে খুব কষ্ট হয়। অন্য স্কুলের ছাত্ররা যখন বলে, “তোমাদের বিদ্যালয়ে বেঞ্চ নেই,” তখন খারাপ লাগে।’ পঞ্চম শ্রেণির খুশিও একই কথা বলে। তৃতীয় শ্রেণির মিজানুর রহমান ক্ষোভের সঙ্গে বলে, ‘সব বিদ্যালয়ে বসার বেঞ্চ আছে, হামার নাই ক্যা।’
অভিভাবক আতাউর রহমান বলেন, ‘আশপাশে বিদ্যালয় না থাকায় আমরা বাধ্য হয়ে এখানে আমাদের ছেলেমেয়েদের ভর্তি করেছি। তারা স্কুলে আসতে চায় না। বলে, মাটিতে বসে ক্লাস করতে ভালো লাগে না। তাদের বুঝিয়ে স্কুলে পাঠাতে হয়। শিক্ষকদের প্রশ্ন করলে বলেন, “ওপরে জানিয়েছি, হয়ে যাবে”।’
হোসেন আলী নামের একজন অভিভাবক বলেন, ‘এলাকাটি গরিব। তাই গরিব মানুষের ছাওয়াপাওয়ার দিকে কারও নজর নাই। নামেমাত্র সরকারি বিদ্যালয়।’
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী রায় বলেন, ‘এই বিদ্যালয়ে আমি ২০০৩ সালে যোগদান করি। তখন থেকে এ অবস্থা দেখছি। বাচ্চাদের বসার বেঞ্চ নেই। এভাবে বাচ্চাদের পাঠদানে মনোযোগ থাকে না। আমাদের ভাঙা চেয়ারে বসতে হয়। কোনো আসবাব নেই। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে বহুবার জানিয়েছি। তাঁরা মাঝেমধ্যে বিদ্যালয় পরিদর্শনে এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। বাস্তবায়ন হয় না।’
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজার রহমান বলেন, ‘আমি নতুন সভাপতি হয়েছি। এ অবস্থা দেখে অবাক হয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা অমনোযোগী হয়ে পড়ছে। অনেকে বিদ্যালয়ে আসতে চায় না। জেনে খারাপ লেগেছে। সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে বলেছি, আমার
বিদ্যালয়ে চেয়ার-টেবিল ও বেঞ্চ নেই। ছাত্রছাত্রীরা কষ্ট করে মাটিতে বসে পড়াশোনা করে। কিন্তু কোনো প্রকার সুফল পাইনি।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার অধিকারী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বিষয়টি জানিয়েছেন। আমি নিজে দেখে এসে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি লিখেছি। বরাদ্দ না থাকায় আমরা কিছুই করতে পারছি না। সামনে বরাদ্দ এলে ওই বিদ্যালয়ে চেয়ার-টেবিল ও বেঞ্চ দেওয়া হবে।’