ফুলবাড়ীতে স্কুলছাত্রকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক স্কুলছাত্রকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থীরা এক ঘণ্টা ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ ও রংপুর সড়ক অবরোধ করে।
ফিরোজ আশিক লিমন নামের ওই ছাত্র বারকোনা গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে। সে ফুলবাড়ীর জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বাইসাইকেলে করে বইখাতা নিয়ে শহরের কাটাবাড়ী নামক স্থানে প্রাইভেট পড়তে যাচ্ছিল লিমন। ফুলবাড়ী-বিরামপুর সড়কের মেরিনা ফিলিং স্টেশনের সামনে বিজিবির একটি পিকআপে থাকা সদস্যরা লিমনকে থামায়।
এ সময় চার-পাঁচজন বিজিবি সদস্য তাকে চোরাকারবারি উল্লেখ করে ধমকাতে থাকে। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং বাইসাইকেলটি পিকআপে তুলে নিয়ে যায় বিজিবি।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর লিমনের স্কুলের সহপাঠীরা ঢাকা মোড়ে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ ও রংপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে। পরে বিজিবি সদস্যরা বাইসাইকেলটি বারকোনা গ্রামের সড়কের পাশে ফেলে যায়।
জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ সরকার বলেন, ছাত্রকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত বিজিবি সদস্যদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান জানান, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে—এমন আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। আপাতত পরিস্থিতি শান্ত করা হয়েছে।
ফুলবাড়ী ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি। ফিরে গিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’