ফুলবাড়ীতে ১১৮ জনের দখলে সওজের জমি
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৫১ হাজার ৭৫ বর্গফুট জমি দখল হয়ে গেছে। ভূমি প্রতিমন্ত্রীর ছোট ভাই, যুবদল নেতাসহ ১১৮ জন প্রভাবশালী ব্যক্তি সড়কের জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল ও বসতঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সড়কটির প্রস্থ কমে গেছে। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে।
সওজ দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল সড়কের জমি খালি করে দেওয়ার জন্য ১১৮ জনের নামে চূড়ান্ত নোটিশ জারি করে সওজ। কিন্তু চার মাস পরও তাঁরা দখল ছাড়েননি।
দখলদারদের তালিকা ঘেঁটে দেখা গেছে, এতে ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানের ছোট ভাই হোসেন আলীর নামও রয়েছে। তিনি উপজেলার প্রাণিসম্পদ হাসপাতাল এলাকায় প্রধান সড়কের উত্তর পাশের ৯০০ বর্গফুট জায়গা দখল করে সেখানে রড ও সিমেন্ট বিক্রির দোকান দিয়েছেন। ওই দোকানের পাশে উপজেলা যুবদলের সভাপতি মো. তোফায়েল হোসেন একই পরিমাণ জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন।
ভূমি প্রতিমন্ত্রীর ছোট ভাই হোসেন আলী দাবি করেন, ‘সরকারি জায়গা দখল করা হয়নি। ফাঁকা পড়ে আছে, তাই এখানে ঘর তুলে ব্যবসা করছি। সরকার যখনই ছাড়তে বলবে, তখনই ওই জায়গা ছেড়ে দেব।’ একই কথা বলেন যুবদলের নেতা তোফায়েল হোসেন। সরকার নোটিশ দেওয়ার পরও জমি ছাড়ছেন না কেন, জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি।
এ ছাড়া ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. হবিবর রহমান সরকার বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উত্তর ধারে এক হাজার ৫০০ বর্গফুট দখল করে বিপণিবিতান ও হোটেল নির্মাণ করেছেন। হবিবর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
ওই এলাকার বাসিন্দা আতিয়ার রহমান অভিযোগ করেন, ওই বিপণিবিতানের পেছনে তাঁর ১৫ শতাংশ জমি আছে। সরকারি জমি দখল করে বিপণিবিতান তৈরি করায় তিনি প্রধান সড়কে বের হতে পারছেন না।
এলাকাবাসীর অভিযোগ, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড় থেকে রেলঘুমটি পর্যন্ত সড়কটির দুই পাশের ঘরমালিকেরা নিজেরাই ভেঙে ফাঁকা করে দিয়েছিলেন। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর তাঁরা আবার পাকা সড়কের ওপর স্থাপনা নির্মাণ করেছেন।
সওজের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রশিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। উপবিভাগীয় প্রকৌশলী কানাই চন্দ্র দেবনাথ ভালো জানেন।’
উপবিভাগীয় প্রকৌশলী কানাই চন্দ্র দেবনাথ মুঠোফোনে জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরাও সাহায্যের আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেটকে অভিযান চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি সময় দিতে পারছেন না। অল্প সময়ের মধ্যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।