ফুলবাড়ীর কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি শক্তিশালী ট্রান্সফরমার গত মঙ্গলবার রাতে হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে পৌর এলাকার প্রায় অর্ধেক অংশ এবং আশপাশের ১০টি গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল বুধবার রাত নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকার হাজারো বাসিন্দাকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিদুৎ না থাকায় পৌর শহরের পূর্ব অংশে ফুলবাড়ী থানা, সাব-রেজিস্ট্রি অফিস ও রেলওয়ে স্টেশনের স্বাভাবিক কাজকর্ম গতকাল সারা দিন ব্যাহত হয়। দিনভর বৈদ্যুতিক পাখা ঘোরেনি। তাই শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়িতে অসহ্য গরমে নাকাল হতে হয় হাজার হাজার মানুষকে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের ঢাকা মোড় এলাকার ওই ট্রান্সফরমারটিতে বিকট শব্দ হয়। এরপর বিকল হয়ে যায়। গতকাল বেলা ১১টার দিকে আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে একটি নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হলেও সেটি তাৎক্ষণিকভাবে পুড়ে যায়। এরপর থেকে আর নতুন কোনো কোনো ট্রান্সফরমার প্রতিস্থাপনের চেষ্টা করা হয়নি।
এই বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী মাহবুব আলম প্রথম আলোকে বলেন, জেলা কার্যালয় থেকে নতুন আরেকটি ট্রান্সফরমার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা করেন।