ফুলবাড়ি চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা ও এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে বিদায় করাসহ ছয় দফা সংবলিত ফুলবাড়ি চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

দিনাজপুরের ফুলবাড়ি হত্যার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ৩০ আগস্ট তত্কালীন চারদলীয় জোট সরকারের সঙ্গে আন্দোলনকারীদের ‘ছয় দফা ফুলবাড়ি চুক্তি’ হয়। ৩ সেপ্টেম্বর তখনকার বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ি গিয়ে প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে চুক্তি বাস্তবায়ন করা হবে। কিন্তু ছয় বছর ধরে ক্ষমতায় থেকেও তা বাস্তবায়ন না করে শেখ হাসিনা বেইমানি করেছেন।

সভায় সংগঠনের সদস্যসচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানের দালালি করে যাঁরা বিভিন্ন সময়ে বলেছেন, বাংলাদেশ গ্যাস-কয়লার ওপর ভাসছে, তাঁদের কান ধরে উঠ-বস করানো উচিত। শেখ হাসিনা বিভিন্ন সময়ে বলেছেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে না। তাহলে চুক্তি এখনো বাস্তবায়ন করা হচ্ছে না কেন?’

সভায় আরও বক্তব্য দেন জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতউল্লাহ, ম. ইনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীম উদ্দিন খান প্রমুখ।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বিষয়ে সরকারের সঙ্গে এশিয়া এনার্জির চুক্তির বিরুদ্ধে আন্দোলনরত গ্রামবাসীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণে তিনজন নিহত হন। এর পর থেকে প্রতি বছর ২৬ আগস্টকে ‘ফুলবাড়ি দিবস’ হিসেবে পালন করে আসছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সভার শুরুতে নিহত মানুষের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহত ব্যক্তিদের স্মরণে ২৬ আগস্ট সকাল ১০টায় জাতীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।