ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। এতে যানবাহন না চলায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
পুলিশ, আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে ফুলবাড়িয়া উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেন। এতে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের ফুলবাড়িয়া উপজেলা সদর, দেওখোলা, লক্ষ্মীপুর, দশমাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব বলেন, ‘আমরা আন্দোলনকারীদের বলেছিলাম শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য। তবে তাঁরা নানা জায়গায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছেন বলে জেনেছি।’