ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা।

১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয়করণের জন্য ২৩টি কলেজের তালিকা প্রকাশ করা হয়। এতে ফুলবাড়িয়া কলেজের নাম না থাকায় ওই দিন থেকেই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতালের মতো কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুর ১২টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শান্তিপূর্ণ আন্দোলন করে যাওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কলেজের শিক্ষকেরা দাবি করেন, ফুলবাড়িয়া কলেজটি জাতীয়করণের জন্য সব শর্তই পূরণ করেছে। কলেজটিতে প্রায় ছয় হাজার শিক্ষার্থী রয়েছেন। ২০১১-১২ অর্থবছরে সাতটি বিষয়ে সম্মান কোর্স চালু হয়েছে। অবকাঠামোগত দিক দিয়েও জাতীয়করণের শর্ত পূরণ করেছে। অথচ কলেজটিকে জাতীয়করণের তালিকাভুক্ত না করে উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে। ওই কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। উচ্চমাধ্যমিক পর্যায়ের ওই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই শ।