ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন এক মাস স্থগিত
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে দেড় মাস ধরে চলা আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। আজ বুধবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম প্রথম আলোকে বলেন, সার্কিট হাউসের সভায় ধর্মমন্ত্রী মতিউর রহমান জাতীয়করণের ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া সভায় আরও আশ্বাস দেওয়া হয়, আগামী এক মাসের মধ্যে ফুলবাড়িয়া কলেজের সভাপতির পদ থেকে ফুলবাড়িয়া আসনের সাংসদ মোসলেম উদ্দিন ও অধ্যক্ষ নাছির উদ্দিন খানকে পরিবর্তন করা হবে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা এক মাসের জন্য আন্দোলন স্থগিত করেছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়ার সাংসদ মোসলেম উদ্দিন, ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা।
গত রোববার ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ আহত হয়ে মারা যান। এ ঘটনায় সফর আলী নামের এক পথচারী পুলিশের ধাওয়ায় অসুস্থ হয়ে মারা যান।