ফুলবাড়িয়ার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা ও বরিশালে বিক্ষোভ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল শনিবার বরিশাল ও সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এসব কর্মসূচি থেকে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে গত ২৮ নভেম্বর পুলিশের সংঘর্ষ হয়। এতে কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও সফর আলী নামের একজন মারা যান। এ ঘটনার প্রতিবাদে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের বরিশাল আঞ্চলিক শাখা ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখা গতকাল পৃথক কর্মসূচির আয়োজন করে।
সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত সমাবেশে আয়োজক সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ আবদুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে দুপুর ১২টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের বরিশাল আঞ্চলিক শাখার আহ্বায়ক মহসিন-উল ইসলাম। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান ও আমিনুর রহমান, সদস্য রেজাউল করিম প্রমুখ। বক্তারা ফুলবাড়িয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।