ফুলবাড়িয়ায় আগুনে পুড়ে গেল প্রাথমিক বিদ্যালয়ের ৪ কক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হোরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। এতে বিদ্যালয়ের চারটি কক্ষ পুড়ে গেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, হোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার কালাদহ ইউনিয়নে অবস্থিত। মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের কক্ষে তালা লাগিয়ে যান দপ্তরি। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে স্কুলের কক্ষে আগুন দেখতে পান এলাকাবাসী। তাঁরা আগুন লাগার খবরটি দ্রুত প্রধান শিক্ষক নাজমুল হাসানকে মুঠোফোনে জানান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে বিদ্যালয়ের কার্যালয় ও শ্রেণিকক্ষসহ চারটি কক্ষের আসবাব এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফুলবাড়িয়ার উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাতেই ঘটনাস্থলে যান।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটা কোনো নাশকতা নয় বলেই ধারণা করা হচ্ছে।