ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ বৃহস্পতিবার উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে জাতীয়করণ দাবি আদায় কমিটি। কমিটি হরতালের সমর্থনে গতকাল বুধবার উপজেলা সদরে মিছিল করে।
মিছিল শেষে জাতীয়করণ দাবি আদায় কমিটি জানায়, ১ জানুয়ারি থেকে জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পুরো উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।
এদিকে হরতাল নিয়ে জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন বলেন, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু হয়। লাগাতার এই আন্দোলনের ৪৫তম দিন ২৭ নভেম্বর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এদিন পুলিশের মারধরে আহত হয়ে কলেজটির শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলীর মৃত্যু হয়। আজ আবারও হরতাল দেওয়ায় ওই সংঘর্ষের কথা ভেবে মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির সদস্য ও কলেজটির শিক্ষক রুহুল আমিন বলেন, ‘দাবি আদায় করতেই আমাদের হরতালের ডাক।’