ফুলবাড়িয়ায় ইউপি সদস্যকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলামকে (৫৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, গত শুক্রবার রাতে সাইফুল উপজেলার শুশুতি বাজার থেকে হরিপুর গ্রামের নিজ বাড়িতে ফেরার সময় শুশুতি বাজার-বাবুগঞ্জ বাজার সড়কের গজারিবাগানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে জবাই করে হত্যা করে লাশটি সড়কের পাশে ফেলে যায়। থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে জানান, ২০০৩ সালের ইউপি নির্বাচনে সদস্য পদে সাইফুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। যতদূর জানা যায়, তিন মাস আগে তৃতীয় স্ত্রীর সঙ্গে তাঁর তালাক হয়। তাঁর সঙ্গেও জমি নিয়ে সাইফুলের কলহ চলছিল। এ ব্যাপারে একাধিকবার সালিস-বৈঠক হয়। গত শুক্রবার রাতেও শুশুতি বাজারে এমন একটি সালিস-বৈঠক হওয়ার কথা ছিল। শোনা যায়, সালিসটি হয়নি।গতকাল রাত আটটার দিকে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, শুশুতি বাজার থেকে শুক্রবার রাত ১২টার দিকে পাশের গ্রামের নূরুল আমীনকে নিয়ে সাইকেলে করে সাইফুল বাড়ি ফিরছিলেন। পথে নূরুল আমীন তাঁর বাড়ির কাছে নেমে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূরুল আমীন ও বিল্লাল হোসেন নামের অপর এক ব্যক্তিকে থানায় ডেকে আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাইফুল ইসলাম ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।তিনি আরও জানান, সাইফুলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাঁর সন্তানেরা বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ ছাড়া তাঁর প্রথম স্ত্রীও তাঁকে এক একর জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে তিনি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহজাহান মিয়া অজ্ঞাত পরিচয়ের কয়েক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।