ফুলবাড়িয়ায় ইউপি সদস্যকে জবাই
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলামকে (৫৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, গত শুক্রবার রাতে সাইফুল উপজেলার শুশুতি বাজার থেকে হরিপুর গ্রামের নিজ বাড়িতে ফেরার সময় শুশুতি বাজার-বাবুগঞ্জ বাজার সড়কের গজারিবাগানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে জবাই করে হত্যা করে লাশটি সড়কের পাশে ফেলে যায়। থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে জানান, ২০০৩ সালের ইউপি নির্বাচনে সদস্য পদে সাইফুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। যতদূর জানা যায়, তিন মাস আগে তৃতীয় স্ত্রীর সঙ্গে তাঁর তালাক হয়। তাঁর সঙ্গেও জমি নিয়ে সাইফুলের কলহ চলছিল।