ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনের আগে শিক্ষার্থীরা একই দাবিতে উপজেলা সদরে মিছিল করেন।
কলেজের কয়েকজন শিক্ষক ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ফুলবাড়িয়া উপজেলা সদরের ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ফুলবাড়িয়া সদরে কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কলেজটিতে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী এবং প্রায় দুই শ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সবদিক বিবেচনা করে কলেজটি সরকারীকরণের দাবি যৌক্তিক।
কর্মসূচি চলাকালে কলেজের শিক্ষক মো. ইউনুছ আলী, রুহুল আমিন, মাহবুবুল কাদের, মো. শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। শেষে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিনের সঙ্গে দেখা করার জন্য ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকেরা।