ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। গতকাল রোববার তাঁরা উপজেলা শহরে এসব কর্মসূচি পালন করেন।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন।
বেলা তিনটার দিকে একটি অনলাইন সংবাদমাধ্যমে দেশের বিভিন্ন জেলার আরও ২৩টি কলেজ জাতীয়করণ করার খবর ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু ওই ২৩টি কলেজের মধ্যে ফুলবাড়িয়া কলেজের নাম থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফুলবাড়িয়া উপজেলা সদরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা গাড়ির চাকার টায়ারে আগুন জ্বালিয়ে দেন। এ সময় তাঁরা কলেজ জাতীয়করণ না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে মাউশি ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক বিমল চন্দ্র সরকার বলেন, ‘২৩টি কলেজ জাতীয়করণের কোনো দাপ্তরিক খবর আমাদের কাছে আসেনি। যদি জাতীয়করণ হয়ে থাকে তবে তা জানতে কমপক্ষে দুই দিন লাগবে।’