ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গত শুক্রবার এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কলেজছাত্রকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার ফুলবাড়িয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে তার সহপাঠীরা।
গত শুক্রবার রাতে ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফুলবাড়িয়ায় নিহত কলেজছাত্রের নাম আফজাল হোসেন ওরফে তাজু (২০)। সে ফুলবাড়িয়া কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে উপজেলার বরুকা গ্রামের মৃত ছফর আলীর ছেলে।
পুলিশ ও নিহত কলেজছাত্র আফজালের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে আফজাল বাড়ি থেকে বের হয়। গত শুক্রবার বিকেলে বরুকা গ্রামের একটি পুকর পাড়ে আফজালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তখনই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আফজালকে বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে গতকাল বিকেলে ফুলবাড়িয়া থানায় মামলা করেন তার মা লাইলী বেগম। মামলায় নিহত আফজালের চাচা দুদু মিয়া, চাচাতো ভাই সোহেলসহ ১১ জনকে আসামি করা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবীরুল ইসলাম বলেন, নিহত আফজালের মায়ের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত চলছে।
ময়মনসিংহ সদর উপজেলার শাহবাজপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মহরম আলী (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, নিহত মহরম আলীর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার শাহবাজপুর গ্রামে। তাঁর বাবার নাম হাছেন আলী। মহরম আলী ভ্যানচালক ছিলেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সিদ্দকুর রহমান নামের একজনকে আটক করেছে। মহরম আলীর বড় ভাই হক মিয়ার সঙ্গে তাঁর শ্যালক সিদ্দিকুর রহমানের বিরোধ ছিল। গত শুক্রবার বিকেলে হক মিয়ার ছেলে ও মেয়েরা তাদের মামা সিদ্দিকুর রহমানের কাছে বিরোধ নিষ্পত্তির করার কথা বলতে যায়। সিদ্দিকুর বিরোধ নিষ্পত্তির উদ্যোগ না নিয়ে উল্টো ভাগনে ও ভাগনিদের নিজের ঘরে আটকে রাখেন। এই সংবাদ পেয়ে রাত ১০টার দিকে মহরম আলী সিদ্দিকুরের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সিদ্দিকুরের পক্ষের একজন মহরমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মহরম আলী মারা যান।