ফুলবাড়িয়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সরকারি জমির গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর বালুঘাট বাজারে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মাস্টারের ভাতিজা গাজী মাসুদসহ কিছু লোক ওই বাজারের সরকারি জমির একটি গাছ কাটা শুরু করেন। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক ব্যক্তি আহত হন। পরে ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শবদের আলীর দুই ছেলে আবদুল জলিল ও হেলাল উদ্দিন ঘটনাস্থলে এসে গাছ কাটায় বাধা দেন। এ সময় গাজী মাসুদের লোকজন লাঠি ও কুড়াল নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে ফুলবাড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।