ফুলবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যৌতুকের জন্য মানসিক নির্যাতনের কারণে ফরিদা সুলতানা (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌর শহরের পুরোনো গরুহাটায় এ ঘটনা ঘটে। ফরিদার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, হত্যা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ফরিদা ময়মনসিংহ উপজেলার জোড়বাড়িয়া গ্রামের সুলতান আহমেদের মেয়ে। ফরিদার বড় বোন রাজিয়া সুলতানা জানান, গত দুই বছর আগে উপজেলার ছলির বাজার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আল-আমিন তাঁর বোন ফরিদাকে পছন্দ করে বিয়ে করেন। বিয়ের পর ফরিদাকে নিয়ে মুক্তাগাছায় চলে আসেন আল-আমিন। মেটাডোর নামের একটি কলম কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে আল-আমিন সংসার চালাতেন ও নিজেরা পড়াশোনা করতেন। আল-আমিন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে ডিগ্রির ও ফরিদা ময়মনসিংহের সরকারি মুমিনুন্নেছা মহিলা কলেজের সমাজকর্ম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। দুই মাস আগে আল-আমিন ফুলবাড়িয়ায় কোম্পানির প্রতিনিধি হিসেবে বদলি হয়ে আসেন। সেখান থেকেই ময়মনসিংহ শহরে দুজন লেখাপড়া করতেন। কয়েক দিন ধরে ফরিদাকে পাঁচ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দেন আল-আমিন। গত রোববার বিকেলে ফরিদা বাবার বাড়ি এসে বিষয়টি পরিবারকে জানান। তাঁরা যৌতুক দিকে অস্বীকৃতি জানান। পরে ওই দিন সন্ধ্যায় আল-আমিন ফরিদাকে ফোন করে নিয়ে যান। এরপর রাত আটটার দিকে আল-আমিন ফোনে জানান, ফরিদা আত্মহত্যা করেছেন। পরে রাতেই তাঁরা আল-আমিনের বাসায় গিয়ে দেখেন, ফরিদার লাশ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। রাজিয়া আরও অভিযোগ করেন, যৌতুকের কারণে ফরিদাকে হত্যা করে আল-আমিন পালিয়ে গেছেন। এটি আত্মহত্যা নয়, হত্যা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ফুলবাড়িয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজিয়া থানায় ফোন করে আত্মহত্যার বিষয়টি জানান। পরে আমি রাত দুইটার দিকে লাশ উদ্ধার করি। গলায় ফাঁস দিয়ে ফরিদা আত্মহত্যা করতে পারেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় ফাঁসির দাগ রয়েছে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাজিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’