ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কলেজশিক্ষক নিহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংসদ, সাংসদের ছেলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণে দাবি আদায় কমিটির আহ্বায়ক ও ওই কলেজের শিক্ষক এস এম আবুল হাসেম।
মামলার আসামিরা হলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাংসদ মোসলেম উদ্দিন, তাঁর ছেলে ইমদাদুল হক, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাক খান, এসআই রফিকুল ইসলাম ও রতন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সাংসদ মোসলেম উদ্দিন, তাঁর ছেলে ইমদাদুল হক, কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খানের প্ররোচনায় পুলিশ কলেজের ভেতর প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে। ওই সময় ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের বুকে লাথি মারেন। এতে তিনি আহত হন। শিক্ষকেরা অ্যাম্বুলেন্স এনে আবুল কালাম আজাদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাতেও বাধা দেয়। পরে আবুল কালাম আজাদকে কোলে করে কলেজ থেকে বের করে বিকল্প পথে ভ্যানে করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।