ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটি এ কর্মসূচি পালন করে।
আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল পুরো উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকা হয়। হরতালের সমর্থনে গতকাল সকালে একটি মিছিল বের করে দাবি আদায় কমিটি। মিছিলে কলেজের শিক্ষক ও কর্মচারীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নেন। পরে তাঁরা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। হরতাল চলাকালে উপজেলার সদরে দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল।
কয়েকজন শিক্ষক বলেন, ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের বিষয়টি তাঁদের ন্যায়সংগত দাবি। এ দাবি আদায় না হওয়ায় পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। কাল শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।
গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু হয়। লাগাতার আন্দোলনের একপর্যায়ে গত ২৭ নভেম্বর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের মারধরে আহত হয়ে কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলীর মৃত্যু হয়।