ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ফুলপুর পৌরসভায় বিএনপির প্রার্থী নিয়ে তৃণমূলে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা। ফুলপুরে শেষ পর্যন্ত একক প্রার্থী হলেও ফুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পৌরসভা দুটির বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, দলের সাবেক দুই সাংসদ প্রভাব খাটিয়ে প্রার্থী নির্বাচন করায় তৃণমূলে এই অসন্তোষ দেখা দিয়েছে। এতে করে ভোটে বিএনপির প্রার্থী পিছিয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।
ফুলপুর বিএনপি সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দলের নেতা রকিবুল হাসানকে সমর্থন দিয়ে তাঁর নাম কেন্দ্রে পাঠানো হয়। পরে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সাংসদ শাহ শহীদ সরোয়ারের একক ইচ্ছায় পৌর বিএনপির সভাপতি আমিনুল হকের নামও কেন্দ্রে পাঠানো হয়। কেন্দ্র থেকে আমিনুলকে মনোনয়ন দেওয়া হয়। আমিনুলের প্রার্থী হওয়া নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একাধিক কর্মী নাম প্রকাশ না করে বলেন, রকিবুলকে মনোনয়ন দিলে বিএনপির জয়ের সুযোগ বেশি থাকত।
জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাশার আকন্দ বলেন, ‘আমিনুল হক এর আগে দুবার পৌরসভা নির্বাচন করেন। জয় পাননি। কাজেই তৃণমূলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রকিবুলের নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম। কিন্তু সাবেক সাংসদ প্রভাব খাটিয়ে কেন্দ্র থেকে আমিনুল হকের মনোনয়ন নিশ্চিত করেন। আমি ব্যক্তিগতভাবে মনোনীত প্রার্থীর পক্ষে আছি। কিন্তু তৃণমূলের ভোট দলের পক্ষে রাখার ভার সাবেক সাংসদকেই নিতে হবে।’
শাহ শহীদ সরোয়ার বলেন, ‘আমার একক ইচ্ছায় মনোনয়নের কথাটি দুষ্ট লোকের অপপ্রচার। সবার সাথে কথা হয়েছে। সবাই আমিনুলকে সমর্থন দিয়েছেন।’
ফুলবাড়িয়া বিএনপি সূত্র জানায়, এ পৌরসভায় সাতজন দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে শক্তিশালী প্রার্থী ছিলেন পৌর বিএনপির সভাপতি এ কে এম শমসের আলী, বিএনপির সমর্থক ওমর ফারুক মাস্টার ও চাঁন মাহমুদ। দলের বেশির ভাগই চাঁন মাহমুদকে বিএনপির প্রার্থী হিসেবে প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত ফুলবাড়িয়া আসনের বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি শামছুদ্দিন আহমদের পছন্দের প্রার্থী ওমর ফারুক মাস্টার মনোনয়ন পান। পরে নিজের জনপ্রিয়তা ও বিএনপির ভোটের আশায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাঁন মাহমুদও মনোনয়নপত্র জমা দেন। নেতা-কর্মী ও ভোটারদের অভিযোগ, শামছুদ্দিন আহমদ একক ইচ্ছায় ওমর ফারুককে মনোনয়ন পাইয়ে দেন। চাঁন মাহমুদ শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা কম।
পৌর বিএনপির সভাপতি এ কে এম শমসের আলী বলেন, সাবেক সাংসদ পৌরসভার কোনো নেতা-কর্মীর সঙ্গেই প্রার্থী মনোনয়ন নিয়ে কোনো বৈঠক করেননি, কারও মতামতও নেননি। তিনি একক স্বাক্ষরে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠান।
ওমর ফারুক বলেন, ‘শামছুদ্দিন আহমদের একক ইচ্ছায় আমার মনোনয়ন হয়েছে—এটা অপপ্রচার। দলের মধ্যে সামান্য ভুল-বোঝাবুঝি আছে। আশা করি, নির্বাচনের আগে সেটা শেষ হয়ে যাবে।’