ফুলবাড়ী আন্দোলন দিবসের পাঁচ বছর পূর্তি আজ
আজ ২৬ আগস্ট। দিনাজপুরের ফুলবাড়ী আন্দোলনের পাঁচ বছর পূর্তি। খনিবিরোধী আন্দোলন চলাকালীন ২০০৬ সালের এই দিনে পুলিশ-বিডিআরের গুলিতে তিন যুবক নিহত হন।জাতীয় সম্পদ রক্ষা ও উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা তোলার চক্রান্ত বন্ধের দাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি ওই দিন বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ীর অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল। খনি এলাকার হাজার হাজার মানুষ দলবদ্ধ হয়ে সেদিন বিক্ষোভ মিছিল নিয়ে এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও করতে যায়। ফুলবাড়ী সেতুর পূর্ব পাশে পুলিশ-বিডিআর ওই মিছিলে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে তিন যুবক নিহত এবং বহু লোক আহত হয়।তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং খনি এলাকার সম্মিলিত পেশাজীবী সংগঠন আলাদাভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে আছে সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকযাত্রা, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, স্মরণসভা এবং মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা। ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক সরকার বলেন, খনি এলাকার মানুষ এখানে কোনো পদ্ধতির খনি মেনে নেবে না।’