২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী কয়লাখনি-বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মিছিল-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী ট্র্যাজেডির চতুর্থ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, কল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ছাড়াও সব ধরনের যানবাহন চলাচল আধা বেলা বন্ধ রাখা হয়।গতকাল সকাল থেকে জেলার ফুলবাড়ী, নবাবগঞ্জ, পার্বতীপুর ও বিরামপুর উপজেলার শত শত নারী-পুরুষ ফুলবাড়ী শহরে আসেন। বিভিন্ন সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল করেন তাঁরা। ফুলবাড়ী ট্র্যাজেডিতে নিহত আমিন, সালেকিন ও তরিকুলের স্মরণে শাখা যমুনা নদীর ধারে নির্মিত শহীদ মিনারে সকাল আটটা থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, সম্মিলিত পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া ফুলে ভরে যায় শহীদ মিনার।সকাল ১০টার দিকে ফুলবাড়ীর ঊর্বশী সিনেমা হলের সামনে জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে মত দেবে না। এশিয়া এনার্জি বা কোনো বিদেশি কোম্পানি যদি উন্মুক্ত খনি বাস্তবায়ন করার ষড়যন্ত্র করে, তবে জনগণ তা প্রতিহত করবে।সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালে ফুলবাড়ী ট্র্যাজেডির পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ীতে এসেছিলেন। বিশাল জনসভায় তিনি দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে রক্তঝরা সাফল্যের জন্য ফুলবাড়ীবাসীর প্রতি স্যালুট জানিয়ে বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে চারদলীয় জোট সরকারের সঙ্গে স্বাক্ষরিত ফুলবাড়ী সমঝোতা স্মারক বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের বয়স ১৮ মাস হয়ে গেছে। এখনো এ সমঝোতা স্মারক বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি।সমাবেশে অন্যান্যের মধ্যে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সমুদ্র গবেষক নূর মোহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, গণফ্রন্টের আবদুর রউফ, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) বিমল বিশ্বাস, আবদুস সাত্তার, জাতীয় কমিটির দিনাজপুরের আহ্বায়ক সৈয়দ মোসাদ্দেক হোসেন, সদস্য সচিব মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে সম্মিলিত পেশাজীবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়। এতে শতাধিক লোক অংশ নেয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে ফুলবাড়ী আন্দোলনের অন্যতম নেতা মানিক সরকার বলেন, এশিয়া এনার্জি তাদের তল্পিতল্পা গুটিয়ে চলে গেছে। কিন্তু সরকার আজও পুলিশ দিয়ে তাদের ফেলে যাওয়া কার্যালয় ও ওয়ার্কশপ পাহারা দিচ্ছে। এর অর্থ হলো, সরকার এশিয়া এনার্জির অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলম, দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।এশিয়া এনার্জি ২০০৫ সালে খনি এলাকার লোকদের তাদের বসতবাড়ি, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করলে ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জের বাসিন্দাসহ জনতা আন্দোলন শুরু করে। ২০০৬ সালের ২৬ আগস্ট পুলিশ ও বিডিআর সদস্যরা খনিবিরোধী জনতার মিছিলে শতাধিক গুলি ছোড়ে। এতে প্রাণ হারান আমিন, সালেকিন ও তরিকুল। গুলিবিদ্ধসহ আহত হয় দুই শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বছরের ৩০ আগস্ট ফুলবাড়ীবাসীর সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে তত্কালীন চারদলীয় জোট সরকার।এদিকে ঢাকায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চতুর্থ ফুলবাড়ী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ।